এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার ২৯ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি হুহু করে বাড়ছে। বিপৎসীমা ছুঁই ছুঁই করছে নদীর পানি।
শুক্রবার সকাল পর্যন্ত বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীর বেড়িবাঁধের পার্শ্ববর্তী এলাকা, সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে বসবাসরত নিম্নাঞ্চলের অন্তত আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৫৬.৫ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে পানিবন্দিদের তীব্র বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানিয়েছেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত পানি বাড়বে। এরপর থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।