সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১:২১

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি অনুরোধ দূতাবাসের

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি জরুরি অনুরোধ দূতাবাসের

এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস প্রবাসীদের অবগত করে জানায়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা সোমবার কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।

বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়।

এ ছাড়া, হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক করা হয়েছে। অন্যদিকে আটক হওয়া বাংলাদেশিদের দ্রুত নিরাপদে দেশে ফেরাতে নিয়মিত বিভিন্ন আটক কেন্দ্র পরিদর্শন অব্যাহত রেখেছে দূতাবাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে