এমটিনিউজ২৪ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। তবে বক্তব্য শুরুর এক মিনিটের মাথায় কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু উপজেলা মিলনায়তনে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের সই করা এক অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।
বিষয়টি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান।
অফিস আদেশে বলা হয়, জিএম মো. আলতাপ হোসেনকে ১৪ সেপ্টেম্বর সংযুক্ত দফতরে যোগ দিতে হবে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, ‘আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গায় বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটি হয়েছে বলে মনে হচ্ছে। পরে শুনেছি, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।’
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান বলেন, ‘ইউএনওর কার্যালয়ে বিদ্যুৎ ছিল না—সেখানকার সিএ এ বিষয়ে অভিযোগ করেছিলেন। আমাদের লাইনম্যানরা গিয়ে দেখেন, ওই কার্যালয়ে বিদ্যুৎ নেই। আমাদের কর্মীদের ধারণা ছিল, ইউএনও কার্যালয়েই হয়ত মিটিং হচ্ছে। এ কারণে তারা লাইন বন্ধ করে দেন।’
তিনি আরও বলেন, ‘লাইন বন্ধ করার পর মিটিংস্থলেও বিদ্যুৎ চলে যায়। বিষয়টি জানতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করা হয়। কথোপকথনের মধ্যে প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল—সকাল ৯টা ৪২ থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত। ধারণা করা হচ্ছে, এ কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।’