বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭:৪৫

বেতন ইস্যুতে এই বড় সুখবর যেসব শিক্ষক-কর্মচারীদের জন্য

বেতন ইস্যুতে এই বড় সুখবর যেসব শিক্ষক-কর্মচারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পরিশোধের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি জানিয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত কোনো শিক্ষক-কর্মচারীর এক বা একাধিক মাসের বেতন বা বোনাস না হয়ে থাকলে সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাসের বিল সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিট-সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যে মাস বা মাসগুলোর বেতন-বোনাস বাকি রয়েছে, সেগুলোর বিল প্রতিষ্ঠানের প্যানেল থেকে মাসওয়ারি সাবমিট করা যাবে।

তবে ব্যাংক-সংক্রান্ত তথ্যের ভুলের কারণে আগে সাবমিট করা এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে নতুন করে বকেয়া বিল সাবমিট করতে হবে না। ‘EFT salary Bounce’ অপশনে সংশ্লিষ্ট শিক্ষকের নাম যুক্ত হওয়ার পর তথ্য সংশোধন করে অর্থ পুনরায় পাঠানো হবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিলের পাশাপাশি বকেয়া মাসগুলোর বিলও সাবমিট করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে