বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫:০৭

কবে হচ্ছে সরকারি স্কুলে ৩ হাজার শিক্ষক শূন্য পদে নিয়োগ? যা জানা গেল

কবে হচ্ছে সরকারি স্কুলে ৩ হাজার শিক্ষক শূন্য পদে নিয়োগ? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজারেরও বেশি শিক্ষক পদ শূন্য। পাশাপাশি প্রায় চারশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদও ফাঁকা। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এতে ক্লাস ও পরীক্ষা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে বিদ্যালয়গুলো। তারা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যমতে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ১৫ হাজার ২৯৩টি। তার মধ্যে তিন হাজারেরও কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য। প্রধান শিক্ষকের ৩৮৩টি পদ খালি।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাউশি কর্মকর্তারা জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন সবচেয়ে বেশি সংকট বিজ্ঞান, গণিত ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। গুরুত্বপূর্ণ এসব বিষয়ে অনেক ক্ষেত্রে ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা কিংবা অন্য কোনো বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষককে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির শিক্ষায় ব্যাপক শিখন ঘাটতি থেকে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আমলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সভাপতি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমদ। তিনি  বলেন, ‘শিক্ষকসংকট ও বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী গ্রাম ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা। দ্রুত শিক্ষক সংকট দূর করতে হবে। পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগে জোর দিতে হবে।’

মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিগগির এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

কবে নাগাদ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ নিয়ে এখনই সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। তবে দ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে