বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩:৫৩

বিনা খরচে দুবাই

 বিনা খরচে দুবাই

এমটিনিউজ২৪ ডেস্ক : বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের নিজস্ব অর্থায়নে নেওয়া উদ্যোগে এ পর্যন্ত ৫৭ জন যুবক সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ৪৬ জনকে ইতোমধ্যে পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১১ জনের বিদেশযাত্রার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে দ্বিতীয় ধাপের ১১ যুবকের হাতে ভিসা, পাসপোর্ট, বিমান টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগম তাদের হাতে এসব কাগজপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম শিমু, জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিন, সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের ব্যক্তিগত সহকারী ও ম্যাটকো ইন্টারন্যাশনালের প্রতিনিধি সাহাদাত হোসেন উজ্জ্বলসহ সংশ্লিষ্টরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারে প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে যুবককে নিজ অর্থায়নে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

গত ২২ আগস্ট প্রথম ধাপে ৪৬ জন যুবককে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। সংশ্লিষ্টদের দাবি, তাদের অনেকে ইতোমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে তাদের বর্তমান কর্মসংস্থানের অবস্থা ও চাকরির শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দ্বিতীয় ধাপে নির্বাচিত ১১ যুবককেও দুবাইয়ে কর্মসংস্থানের জন্য পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাদের হাতে ভিসা, পাসপোর্ট, বিমান টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।

বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া কয়েকজন যুবক বলেন, বিদেশে চাকরির আশায় তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। অনেকে টাকা খরচ করেও কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পাননি। এবার ব্যক্তিগতভাবে বড় ধরনের খরচ ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকদের ভাষ্য, বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও যুবককে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে