এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনটাই দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্যটি জানানো হয়।
তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বংশাল ইউনিট আওয়ামী লীগের কর্মী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের পর গ্রেপ্তার রায়হানের বাসা থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত আরও ৪টি ককটেল। এছাড়াও জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত দুদিন ধরে রাজধানীতে চলমান ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলেও জানান ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার।