এমটিনিউজ২৪ ডেস্ক : "আমার একটাই ছেলে। ওর কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।" রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিহত স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজার আগে কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
জানাজার আগে উপস্থিত মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন, "আমার একটাই ছেলে। কুমিল্লার আকাশের নিচে ও আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। বাবা হিসেবে আজ আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওর কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।"
কুবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নিহত কিশোরের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় এবং নেমে আসে গভীর শোকের ছায়া। কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য কুমিল্লার গন্ধমতী এলাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ তল্লাশির পর নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।