রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭:১০

গ্রেডভেদে সময় নির্ধারণ করা হয়েছে চার থেকে সর্বোচ্চ ২০ বছর, জানুন নতুন বিধান

গ্রেডভেদে সময় নির্ধারণ করা হয়েছে চার থেকে সর্বোচ্চ ২০ বছর, জানুন নতুন বিধান

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, সরকারি চাকরিতে উচ্চতর পদ ও বেতন স্কেলে পদোন্নতি পেলেই সংশ্লিষ্ট পদের সর্বোচ্চ বা পূর্ণ বেতন পাওয়া যাবে না। পদোন্নতির পর নির্ধারিত সময় চাকরি পূর্ণ করলে তবেই ওই পদের পূর্ণ বেতন পাওয়ার সুযোগ মিলবে। গ্রেডভেদে এ সময় নির্ধারণ করা হয়েছে চার থেকে সর্বোচ্চ ২০ বছর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ‘পদের পূর্ণ বেতন প্রাপ্তির শর্তাবলী’সংক্রান্ত বিধানে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নতুন বেতন স্কেলের বিধান অনুযায়ী, গ্রেড-১ থেকে গ্রেড-৭ পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের পূর্ণ বেতন পাওয়ার জন্য নির্দিষ্ট মেয়াদ চাকরি করতে হবে। কোনো কর্মচারী উচ্চতর পদ ও বেতন স্কেলে পদোন্নতি পেলে ওই পদের নির্ধারিত পূর্ণ বেতন পাওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রেডে নির্ধারিত চাকরির মেয়াদ পূর্ণ করতে হবে।

অর্থাৎ পদোন্নতির সঙ্গে সঙ্গে নতুন গ্রেডের সর্বোচ্চ বেতন পাওয়ার সুযোগ থাকছে না। চাকরির মেয়াদ ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পদোন্নতির পর বেতন নির্ধারণ করা হবে।

নতুন বেতন স্কেলে গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। এ গ্রেডে পদোন্নতির পর পূর্ণ বেতন পেতে প্রয়োজন হবে ২০ বছর চাকরির মেয়াদ।

গ্রেড-২-এর বেতন স্কেল ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। এ গ্রেডে পূর্ণ বেতন পেতে চাকরির মেয়াদ পূর্ণ করতে হবে ১৭ বছর।
গ্রেড-৩-এর বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। এ গ্রেডে পূর্ণ বেতন পাওয়ার জন্য প্রয়োজন হবে ১৪ বছর চাকরির মেয়াদ।
গ্রেড-৪-এর বেতন স্কেল ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। এ গ্রেডে পূর্ণ বেতন পেতে চাকরি করতে হবে ১২ বছর।
গ্রেড-৫-এর বেতন স্কেল ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। এ গ্রেডে পদোন্নতির পর পূর্ণ বেতন পেতে প্রয়োজন হবে ১০ বছর চাকরির মেয়াদ।

গ্রেড-৬-এর বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। এ গ্রেডে পূর্ণ বেতন পেতে পদোন্নতির পর পাঁচ বছর চাকরি করতে হবে।
সবচেয়ে কম সময় নির্ধারণ করা হয়েছে গ্রেড-৭-এর জন্য। এ গ্রেডের বেতন স্কেল ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। পদোন্নতির পর পূর্ণ বেতন পেতে এ গ্রেডে চার বছর চাকরি করতে হবে।

অর্থাৎ নতুন বেতন স্কেলে গ্রেড যত উঁচু, পদোন্নতির পর পূর্ণ বেতন পেতে প্রয়োজনীয় চাকরির মেয়াদও তত বেশি। গ্রেড-১-এর ক্ষেত্রে এ মেয়াদ ২০ বছর হলেও গ্রেড-৭-এর ক্ষেত্রে তা চার বছর।

ফলে কোনো কর্মচারী উচ্চতর পদে পদোন্নতি পাওয়ার পর ওই পদের বেতন স্কেলের কোন ধাপে তার বেতন নির্ধারিত হবে, তা সংশ্লিষ্ট বিধান ও চাকরির মেয়াদের ওপর নির্ভর করবে। পদোন্নতির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদের পূর্ণ বেতন পাওয়ার পরিবর্তে নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর পূর্ণ বেতন পাওয়ার সুযোগ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে