রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪:৩৩

কে জানত এটাই শেষ দেখা, বলেই কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহপাঠী ও বন্ধুরা

কে জানত এটাই শেষ দেখা, বলেই কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহপাঠী ও বন্ধুরা

এমটিনিউজ২৪ ডেস্ক : শুক্রবার বন্ধুদের সঙ্গে নামাজ পড়েছিল অপ্রতিম। নামাজ শেষে বলেছিল, বাড়িতে যাবে। পরদিনই নিখোঁজ হয়ে যায় সে। দুই দিন পর রোববার সেই বন্ধুরাই তাকে শেষ বিদায় জানালেন।

কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধারের পর তার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহপাঠী ও বন্ধুরা। প্রিয় বন্ধুকে আর কখনো ক্লাশে দেখতে পারবেন না, এ বাস্তবতা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের বন্ধুদের কাছে তার শেষ কয়েকটি দিনের স্মৃতি এখন শুধুই বেদনার।

অপ্রতিমের এক বন্ধু বলেন, ‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। নামাজ পড়ার পর বলেছিল, সে বাড়িতে যাবে। এরপর বাড়িতে চলে যায়। কে জানত, সেটাই শেষ দেখা।’

এর আগের দিন বৃহস্পতিবারও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছিল অপ্রতিম। কুরআনিক ক্লাবে অংশ নেওয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে ফুটবলও খেলেছিল সে।

আরেক বন্ধু বলেন, ‘আমরা বৃহস্পতিবার কুরআনিক ক্লাবে একসঙ্গে ছিলাম। সেখানে সময় কাটিয়েছি। আমরা ফুটবলও খেলেছিলাম। এরপর কথা বলতে বলতে বাসায় এসেছিলাম। তখন তো ভাবিনি, এটাই তার সঙ্গে আমাদের শেষ সময়।’

শেষ কথোপকথনের স্মৃতিও ভুলতে পারছেন না আরেক বন্ধু। তিনি বলেন, আমি শেষবার তার সঙ্গে ফুচকা খেতে যেতে চেয়েছিলাম। সে বলেছিল- ‘না, আমি ফুচকা খাব না। টাকা নেই’। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।’

অপ্রতিমের বন্ধু নাসিম বলেন, ‘আমার বন্ধুকে আর ক্লাশে দেখব না। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আর কোনো বন্ধুকে হারাতে চাই না।’

বন্ধুরা বলেন, একজনকে হারালে শুধু একটি পরিবার নয়, তার বন্ধুমহল ও শিক্ষাপ্রতিষ্ঠানও একজন আপনজনকে হারায়। তাদের আশঙ্কা, অপ্রতিমের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে অন্য কারও সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।

তারা বলেন, এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে