রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬:৪৫

শাহজালালে চীনা নাগরিকের কাছ থেকে ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার

শাহজালালে চীনা নাগরিকের কাছ থেকে ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার

এমটিনিউজ২৪ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে আনুমানিক আড়াই কেজি (প্রায় ২১৫ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আনসার সদস্যদের সন্দেহের ভিত্তিতে তল্লাশির সময় মাটির তৈরি পাঁচটি পাত্রের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এ স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার সূত্রে জানা যায়, চীন থেকে আসা ওই যাত্রীর সঙ্গে থাকা পাহাড়ি মাটির তৈরি পাঁচটি মগসদৃশ পাত্রে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্বপালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করেন। পরে তারা পাত্রগুলো জব্দ করে বিষয়টি কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমানকে জানান। তিনি শিফটের দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

পরে উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে এসে উদ্ধার করা সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্মকর্তারা স্বর্ণকারের সহায়তায় মাটির পাত্রগুলো আগুনে পুড়িয়ে ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণ আলাদা করেন। এ সময় পাঁচটি স্বর্ণের বার (বিস্কুট) উদ্ধার করা হয়।

কাস্টমসের প্রাথমিক হিসাবে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি, যা প্রায় ২১৫ ভরি।

আনসারের জানায়, মাটির তৈরি পাত্রের ভেতরে রাসায়নিকের সংমিশ্রণে স্বর্ণ লুকিয়ে পাচারের অভিনব এ কৌশল সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে উদ্ঘাটিত হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে