মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫:২২

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে হতে পারে এইচএসসির ফল প্রকাশ

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে হতে পারে এইচএসসির ফল প্রকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতে আমাদের কাজ চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা দেরিতে নেওয়া হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। আশা করছি সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।

এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে