শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮:৪২

বৈঠক শেষ, যে সিদ্ধান্ত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে

বৈঠক শেষ, যে সিদ্ধান্ত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে নিয়োগপত্র প্রাপ্তি বিষয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে বলা হয়, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি নিয়োগপত্র না পেয়ে থাকে, তবে তা পরবর্তীতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

বৈঠক বিষয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রক্রিয়া।

এতে প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মিডিয়ার অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করার তাগিদ দেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌস-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।