মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৪:৫২

সুখবর এলপি গ্যাস নিয়ে

সুখবর এলপি গ্যাস নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের আমদানিকারক ও অপারেটরগণ
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের আমদানিকারক ও অপারেটরগণ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদান করা হয়।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এনবিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর মাসে (২২ তারিখ পর্যন্ত) ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। প্রদর্শিত উপাত্ত অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুত পরিস্থিতি ভালো।

সুতরাং, বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই বলে সভায় জানান এলপিজি আমদানিকারক ও অপারেটরগণ।

জ্বালানি মন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসদুদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন। অপারেটরগণ মন্ত্রীকে তাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া মন্ত্রী আপারেটরদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সকল বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।