আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার ক্রেতাদের জন্য নভেম্বরের তেলের দামে বিরাট ছাড় দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার বাজারে প্রধান গ্রেডের অপরিশোধিত তেলের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত সৌদি আরামকোর মূল্য নির্ধারণের নথি থেকে এ তথ্য জানা গেছে।
নভেম্বরে এশিয়ার জন্য সৌদি আরবের আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে প্রতি ব্যারেলে পাঁচ মার্কিন ডলার কম। অক্টোবরে এই ছাড় ছিল দুই ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ছাড় বেড়েছে তিন ডলার।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এশিয়ার জন্য ২০২০ সালের জুনের পর থেকে এটি সৌদি তেলের সবচেয়ে বড় ছাড়।
প্রত্যাশার চেয়েও বড় ছাড়
এশিয়ার জন্য সৌদি আরবের তেলের দাম বাড়তে পারে বলে আগে ধারণা করা হয়েছিল। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা নভেম্বরের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে সর্বোচ্চ পাঁচ ডলার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য বেঞ্চমার্ক তেলের দাম বাড়ায় এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।
কিন্তু সেই ধারণার বিপরীতে এশিয়ার বাজারে দাম কমিয়েছে সৌদি আরামকো। শুধু আরব লাইট নয়, ভারী ধরনের আরব মিডিয়াম ও আরব হেভি তেলের দামও এশিয়ার ক্রেতাদের জন্য প্রতি ব্যারেলে পাঁচ ডলার কমিয়েছে কোম্পানিটি।
কেন তেলের দাম কমাল সৌদি আরব
এশিয়ার কয়েকটি শোধনাগারের সূত্র বলছে, তেলের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে এই ছাড় দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহনের খরচ অনেক বেড়েছে। চীনের উদ্দেশে উপসাগরীয় অঞ্চল থেকে ২০ লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে—এমন বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজের ভাড়া শুক্রবার দৈনিক ১২ লাখ ডলারে উঠেছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।
অর্থাৎ এক বছরে জাহাজ ভাড়ার খরচ কয়েকগুণ বেড়েছে। এ অবস্থায় তেলের দামে ছাড় দিয়ে ক্রেতাদের বাড়তি পরিবহন ব্যয়ের চাপ কিছুটা কমাতে চাইছে সৌদি আরামকো।
ইউরোপের জন্য উল্টো সিদ্ধান্ত
এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম কমালেও উত্তর-পশ্চিম ইউরোপের ক্রেতাদের জন্য দাম বাড়িয়েছে সৌদি আরামকো। নভেম্বরে উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে সব ধরনের অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে তিন ডলার বাড়ানো হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সূত্র: রয়টার্স