মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ০৮:৫৯:২৩

সতর্ক বার্তা ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য

সতর্ক বার্তা ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম রক্ষণাবেক্ষণ ও মাইগ্রেশনের কারণে দেশের একসঙ্গে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে এসব ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা, কিউআর পেমেন্ট কিংবা অনলাইন লেনদেনে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

ব্যাংকগুলো জানিয়েছে, এটি স্থায়ী কোনো সমস্যা নয়। নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। গ্রাহকদের আগাম সতর্ক করতে অনেক ব্যাংক এসএমএসসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে।

যেসব ব্যাংকের সেবা বন্ধ থাকতে পারে

বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ব্যাংক এ ধরনের সাময়িক সেবা বন্ধের আওতায় রয়েছে।

তবে সব ব্যাংকের সব সেবা একই সময়ে বন্ধ থাকবে না। কোন ব্যাংকের কোন সেবা কতক্ষণ বা কত দিন বন্ধ থাকবে, তা ব্যাংকভেদে আলাদা।

একসঙ্গে এত ব্যাংকের সেবা বন্ধ কেন

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের মতো কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন সেবা বন্ধ রাখা হচ্ছে।

কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে কয়েক ঘণ্টা, আবার কোনো ব্যাংকের ক্ষেত্রে কয়েক দিন পর্যন্ত নির্দিষ্ট সেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকতে পারে। এ সময়ে কোনো কোনো ব্যাংকের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।

ফলে এটিএম থেকে টাকা তোলা, দোকানে কার্ড দিয়ে পেমেন্ট, কিউআর কোডে অর্থ পরিশোধ, অনলাইন কেনাকাটা কিংবা অন্য ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

বেশি ভোগান্তি হতে পারে যেসব ক্ষেত্রে

জরুরি সময়ে নগদ অর্থের প্রয়োজন হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা। নিজের ব্যাংকের এটিএম বা কার্ড সেবা বন্ধ থাকলে বিকল্প ব্যবস্থা নিতে হতে পারে।

এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড বা পিওএসের ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানেও লেনদেন ব্যাহত হতে পারে। অনলাইন কেনাকাটা, ই-কমার্স পেমেন্ট ও কিউআর কোডের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রেও সাময়িক অসুবিধা তৈরি হতে পারে।

তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের সব সেবা বন্ধ থাকছে—বিষয়টি এমন নয়। কোন ব্যাংকের কোন সেবা বন্ধ থাকবে এবং কত সময়ের জন্য থাকবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে।

বাংলাদেশ ব্যাংক যা বলছে

একসঙ্গে এতগুলো ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ থাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনা ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে নির্দিষ্ট সময়ের জন্য কিছু সেবা বন্ধ রাখতে পারে।

তার ভাষ্য, এবারও প্রতিটি ব্যাংক আলাদাভাবে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কাকতালীয়ভাবে একই সময়ে প্রায় ৩০টি ব্যাংক এ ধরনের কার্যক্রমের মধ্যে পড়েছে। ফলে বিষয়টি গ্রাহকদের নজরে এসেছে এবং কিছুটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তিনি বলেন, এতে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হতে পারে। এ বিষয়ে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের জানিয়েছে ও সচেতন করেছে কি না, তা নিয়েও কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছে।

ব্যাংকগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে, এসএমএসের মাধ্যমে গ্রাহকদের আগাম সেবা বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।