বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪০:১২

যে এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা

যে এলাকায়  টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা

এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁও-১ ভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্যটি জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব/প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা যাবে।

 সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা যাবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন–মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।