শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৫২:২৩

এবার যা বাধ্যতামূলক করা হলো মোটরসাইকেলের জন্য, অন্যথায় ব্যবস্থা

এবার যা বাধ্যতামূলক করা হলো মোটরসাইকেলের জন্য, অন্যথায় ব্যবস্থা

এমটিনিউজ২৪ ডেস্ক : মোটরসাইকেলের সামনের দিকেও এখন নম্বরপ্লেট লাগাতে হবে। এটি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এত দিন শুধু পেছনে ডিজিটাল নম্বরপ্লেট ছিল। এবার সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট যোগ করতে হবে।

মালিকদের নিজের উদ্যোগেই এ প্লেট বসাতে হবে। এর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএ একটি জরুরি গণবিজ্ঞপ্তি দেয়। সেখানেই এ নির্দেশ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার নিয়ম আছে। 

তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর দেখানোর সিদ্ধান্ত হয়েছে। শুরুতে মালিকদেরই নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল প্লেট বসাতে হবে।

সামনের নম্বরপ্লেট হতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের। প্লেটের পটভূমি হবে সাদা। তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা বাড়তি সাজসজ্জা করা যাবে না।

স্কুটার ও অন্য মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ আলাদা করা হয়েছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। স্কুটার ছাড়া অন্য সাধারণ মোটরসাইকেলের প্লেট হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া।

দুই ক্ষেত্রেই নম্বরের হরফের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। বিআরটিএ মোটরসাইকেল মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট বসাতে আহ্বান জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।