এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা কালবেলাকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় থাকতেন।
এদিন গোপন সংবাদে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহাদ হোসেন মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।