বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৫০:২১

ধেয়ে আসছে বৃষ্টি বলয়, মানুষকে সতর্ক থাকার পরামর্শ

ধেয়ে আসছে বৃষ্টি বলয়, মানুষকে সতর্ক থাকার পরামর্শ

এমটিনিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ দূরবর্তী প্রভাবে দেশের ওপর নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিবলয় প্রভাব ফেলবে।

ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েরদার অবজারভেশন টিম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বৃষ্টিবলয়ে দেশের ১০০ শতাংশ এলাকায় বৃষ্টি না হয়ে গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইউরোপিয়ান মডেল পূর্বাভাস (ECMWF) এর বরাত দিয়ে ওয়েরদার অবজারভেশন টিম জানিয়েছে, বৃষ্টিবলয় চলাকালীন দেশের অধিকাংশ এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং রোদের পরিমাণ ও গরম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বৃষ্টির সময় দেশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।