এমটিনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।
গত কয়েক দিনের মতো মঙ্গলবার (৩ নভেম্বর) সকালেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়কে নামেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
এদিকে, পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মেট্রোস্টেশন বন্ধের তথ্য নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষের কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। এই স্টেশনে ট্রেন থামছে না। বাকি স্টেশনগুলো খোলা আছে।’