বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪:৩৪

মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর

মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর

এমটিনিউজ ডেস্ক : মোটরসাইকেল চালকদের জন্য এলো স্বস্তির খবর। সামনের নম্বরপ্লেটের প্রচলিত নকশা ও আকার নিয়ে আর আগের মতো বাধ্যবাধকতা থাকছে না। মোটরসাইকেলের মডেল ও সামনের অংশের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার, নকশা এবং নম্বর লেখার বিন্যাস পরিবর্তনের সুযোগ দিয়েছে সরকার। এমনকি প্রচলিত দুই লাইনের পরিবর্তে এক লাইনেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা যাবে। এ জন্য সংশোধন করা হয়েছে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২।

সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন মডেলের মোটরসাইকেলে সামনের নম্বরপ্লেট স্থাপনের জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়ানো এবং ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্তকরণ সহজ করতেও নতুন বিধান কার্যকর ভূমিকা রাখবে।

১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে এই সংশোধনী আনা হয়েছে।

সামনের নম্বরপ্লেটে যেসব পরিবর্তন

সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনেও লেখার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো বিবেচনায় নম্বর প্রদর্শনের বিকল্প ব্যবস্থা ব্যবহার করা যাবে।

এ ছাড়া সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।

একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।

নতুন বিধানে একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের সুযোগ

নম্বরপ্লেটের নকশা ও বিন্যাসে পরিবর্তনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ধরনের প্লেট আলো প্রতিফলিত করতে পারে। ফলে নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়ে এবং যানবাহন শনাক্ত করা সহজ হয়।

এ ছাড়া বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।

কেন নম্বরপ্লেটে এই পরিবর্তন আনল সরকার?

বর্তমানে বাজারে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। ফলে সব মোটরসাইকেলে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট স্থাপন করতে গিয়ে অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।

বিশেষ করে আধুনিক নকশার কিছু মোটরসাইকেলে প্রচলিত আকারের নম্বরপ্লেট বসানো কঠিন হয়ে পড়ে। মোটরসাইকেলের ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য না থাকায় নম্বরপ্লেট স্থাপনেও সমস্যার মুখে পড়তে হয় মালিকদের।

নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, নকশা এবং নম্বর লেখার বিন্যাস নির্ধারণ করা সম্ভব হবে।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের মাধ্যমে যানবাহন শনাক্ত করা গুরুত্বপূর্ণ।

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট মানের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন কী করবে বিআরটিএ?

সংশোধিত বিধিমালা কার্যকর হওয়ার ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণে বিআরটিএর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিধিগত ভিত্তি তৈরি হয়েছে।

তবে কোন মডেলের মোটরসাইকেলে কী ধরনের নম্বরপ্লেট ব্যবহার করতে হবে, প্লেটের নির্দিষ্ট মাপ ও নকশা কেমন হবে এবং বাস্তবে কীভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে- সেসব বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ।

অর্থাৎ বিধিমালায় পরিবর্তন এলেও মোটরসাইকেলের মালিকদের জন্য নতুন নম্বরপ্লেট তৈরির ধরন ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিআরটিএর নির্দেশনার অপেক্ষা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।