শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২০:৪৬

এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য

এবার যে বড় সুখবর শিক্ষকদের জন্য

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত টাকা চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ইতিমধ্যে এ অর্থ বরাদ্দ দিতে মৌখিক সম্মতিও মিলেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। কোনো কারণে দেরি হলে নতুন বছর থেকে নিশ্চিতভাবে শিক্ষকরা বেতন তুলতে পারবেন বলে জানা গেছে। তবে ধাপে ধাপে নাকি একসঙ্গে শিক্ষকরা বেতন পাবেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, ছয় মাসের বকেয়াসহ আগামী বছরের মে পর্যন্ত বেতন-ভাতা দিতে স্কুল পর্যায়ে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ এবং কলেজ পর্যায়ে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের চাহিদা প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

গত ১ নভেম্বর মাউশি এ হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায়। এর ভিত্তিতে একই দিন অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন।

তবে অর্থ বিভাগের আনুষ্ঠানিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে ডিসেম্বর থেকে নতুন পে স্কেলে বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা চূড়ান্ত অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ ছাড়ের ওপর নির্ভর করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।