রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮:৩১

এবার নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ

এবার নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ

এমটিনিউজ ডেস্ক : শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন প্রস্তাবিত কাঠামোতে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এর সঙ্গে পরীক্ষার সিলেবাস ও নম্বর বিন্যাসেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনটিআরসিএর প্রস্তাবিত নতুন নিয়োগ কাঠামোতে তিন ধাপের মূল্যায়ন রাখা হতে পারে—১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। মূলত বিধিমালা সংশোধনের পরই চূড়ান্ত সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি নির্ধারিত হবে।

প্রিলিমিনারিতে চার বিষয়, নেগেটিভ মার্কিং
নতুন প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হলেও প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এই ধাপে পাস করার জন্য পরীক্ষার্থীদের অন্তত ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান রাখা হয়েছে। প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার জন্য সময় নির্ধারণের প্রস্তাব রয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে প্রস্তাবিত এ পদ্ধতি কার্যকর করতে বিধিমালা সংশোধন প্রয়োজন। সংশোধিত বিধিমালা অনুমোদন না হওয়া পর্যন্ত পরীক্ষার ধাপ, সিলেবাস ও নম্বর বণ্টনের কোনোটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

নিবন্ধন নয়, সরাসরি শিক্ষক নিয়োগ
এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় শুধু পদ্ধতিগত নয়, নিয়োগপ্রক্রিয়াতেও পরিবর্তন আসতে যাচ্ছে। আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হতো। পরে পৃথক প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো। নতুন ব্যবস্থায় নিবন্ধনের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে পরীক্ষার ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না। এর পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা বা মৌখিক পরীক্ষা চলছে, যা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। তবে ডিসেম্বরে পরীক্ষা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের মার্চে। এর পর দীর্ঘ সময় নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবার সেই নিবন্ধন পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে সরাসরি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।