বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩১:০৪

এবার এইচএসসিতে ফেল করাদের চীন-জাপান-কোরিয়ায় চাকরির প্রস্তাব

এবার এইচএসসিতে ফেল করাদের চীন-জাপান-কোরিয়ায় চাকরির প্রস্তাব

এমটিনিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গণসাক্ষরতা অভিযান।

বিশেষ করে পুনঃপরীক্ষায়ও অনুত্তীর্ণ হওয়া কিংবা পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ প্রস্তাব তুলে ধরা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবনা তৈরি করেছে গণসাক্ষরতা অভিযান।

সংস্থাটির প্রস্তাবনায় বলা হয়, শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা বিবেচনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে নার্সিং ও পরিচর্যাকারী হিসেবে পেশাগত প্রশিক্ষণে।

প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ, শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ ও সরাসরি চাকরির ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য প্রাথমিক পুঁজি বা সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া পরীক্ষায় ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ ও সামাজিক সংকোচ কাটিয়ে উঠতে নিয়মিত মনোসামাজিক পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

গণসাক্ষরতা অভিযান মনে করে, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হলে অকৃতকার্য শিক্ষার্থীরাও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবেন। এতে প্রবাসী আয় বাড়ানোরও সম্ভাবনা তৈরি হবে।

সংবাদ সম্মেলনে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ স্থায়ীভাবে নিশ্চিত করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়। এতে কত বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, আবেদনের সময়সীমা, পরীক্ষা ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগের বিষয়গুলো স্পষ্ট করার সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও লালমাটিয়া সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের সাধারণ সম্পাদক ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।