বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৪:৪৯

মোটরসাইকেলে এসে এমপি নুসরাতের বাড়িতে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়

মোটরসাইকেলে এসে এমপি নুসরাতের বাড়িতে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়

এমটিনিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।

পোস্টে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়ি পুড়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, আগুনে পুড়ে যাওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’

পেট্রোল বোমা হামলার কথা উল্লেখ করে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

নুসরাতের বাবা হালিম টম জানান, তারা বর্তমানে নতুন বাড়িতে বসবাস করেন। পুরোনো বাড়িটিতে গবাদিপশু রাখা হয় এবং মাঝেমধ্যে আত্মীয়স্বজন এলে সেটি ব্যবহার করা হয়। আগুনে বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে। একটি ছাগলও মারা গেছে।

এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান,  ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি মহোদয়ের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুসরাত তাবাসসুমের মা–বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। একটি ছাগল পুড়ে গেছে। 

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।