শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:৪২:২১

বড় সুখবর পোশাক শ্রমিকদের জন্য, ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে

বড় সুখবর পোশাক শ্রমিকদের জন্য, ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে

এমটিনিউজ ডেস্ক : সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা কমাতে ৩০ টাকা দরে চাল বিক্রির পরিকল্পনা নিয়েছে। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই ৩ মাসের জন্য এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ এ কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে তাদের স্বাক্ষর নেওয়া হবে। এ প্রক্রিয়ায় চাল বিক্রি করে কর্মসূচির সুবিধা প্রকৃত শ্রমিকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তর এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা এবং অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।