এমটিনিউজ ডেস্ক : নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত বা বকেয়া টাকা পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা তুলে নেওয়ার পর মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য নতুন করে বকেয়া দাবির সুযোগ থাকছে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগ বুধবার (১১ নভেম্বর) এই আদেশ জারি করে। গেজেট প্রকাশিত হয় পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর)। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে সই করেছেন।
গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপে ধাপে বেতনস্কেল চালুর একটি সময়সীমা আছে। এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর থাকবে।
অর্থ বিভাগ ১৯৮৯ সালের ২০ মার্চ একটি বিধি জারি করেছিল। সেই বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি মূল বেতনের সমান অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামোতেও এই নীতি বহাল রাখা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, নতুন পে স্কেলে ধাপে ধাপে বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশন হবে। তবে এর মাধ্যমে ঠিক করা বেতনের ওপর ভিত্তি করে ভাতা হিসাব করা হবে না। ছুটিতে যাওয়ার সময় চাকরিজীবী বাস্তবে যে মূল বেতন হাতে পাবেন, ভাতা হবে ঠিক সেই পরিমাণ।
এর ফলে কেউ একবার ভাতা তুলে ফেললে পরে পে-ফিক্সেশনে মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য বাড়তি বা বকেয়া টাকা পাবেন না। গেজেটে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।