শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৪:১২

এবার গ্রেপ্তার ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজা

এবার গ্রেপ্তার ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজা

এমটিনিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শামছুর রহমান টিপু ও তার ছেলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।