শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৯:৪০

‘আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন’ ; মৃত্যুর আগে ঢাবি ছাত্রের শেষ স্ট্যাটাস

‘আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন’ ; মৃত্যুর আগে ঢাবি ছাত্রের শেষ স্ট্যাটাস

এমটিনিউজ ডেস্ক : ‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুই দিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়ার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এবং অপুর শেষ চাওয়া হিসাবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলিফুল গাছ লাগানো হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। 

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় রাজশাহী বোর্ডে ৮ম স্থান অধিকার করেছিল। পরবর্তীতে নটর ডেম কলেজে ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সর্বশেষ তিনি ঢাবিতে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মাধপুরপুর হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।