শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩:৫৯

এবার মোবাইলে বের করে ফেলুন জমির দাগ নম্বর ও মৌজা নকশা

এবার মোবাইলে বের করে ফেলুন জমির দাগ নম্বর ও মৌজা নকশা

জমি কেনা, বিক্রি কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সঠিক অবস্থান জানতে দাগ নম্বর ও মৌজা নকশার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না, জমির দাগ নম্বর কীভাবে খুঁজে বের করতে হয় কিংবা অনলাইনে কোথায় পাওয়া যাবে মৌজা নকশা।

আগে এসব তথ্যের জন্য ভূমি অফিসে গিয়ে খোঁজ নিতে হতো। এখন ঘরে বসেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জমির দাগ নম্বর, খতিয়ানের তথ্য এবং মৌজা নকশা দেখা ও সংগ্রহের আবেদন করা যায়।

এ জন্য ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একাধিক অনলাইন সেবা চালু রয়েছে। মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে কয়েকটি ধাপ অনুসরণ করলেই এসব তথ্য পাওয়া সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, অনলাইনে জমির দাগ নম্বর ও মৌজা নকশা বের করার নিয়ম।

দাগ নম্বর বের করবেন যেভাবে

জমির দাগ নম্বর জানা না থাকলেও খতিয়ানের তথ্য অনুসন্ধান করে তা বের করা যায়। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের ই-পর্চা বা ডিজিটাল ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা ব্যবহার করতে হবে।

* প্রথমে সরকারি ওয়েবসাইট https://dlrms.land.gov.bd প্রবেশ করুন।

* ওয়েবসাইটে গিয়ে নামজারি খতিয়ান অপশন নির্বাচন করুন।

* পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা বা থানা, খতিয়ানের ধরন এবং মৌজা নির্বাচন করুন।

* খতিয়ানের ধরন হিসেবে জমিটি যে জরিপের আওতাভুক্ত, সেটি নির্বাচন করুন। যেমন: সিএস (CS), আরএস (RS), এসএ (SA) বা বিএসআর (BRS)।

* এরপর ‘অধিকতর অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। সেখানে দাগ নম্বর, মালিকের নামসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অনুসন্ধান করতে পারবেন।

* ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট দাগ নম্বরের বিপরীতে খতিয়ান নম্বর ও মালিকের নাম দেখা যাবে। একই দাগ নম্বর একাধিক খতিয়ানে থাকতে পারে। তাই মালিকের নাম ও অন্যান্য তথ্য মিলিয়ে কাঙ্ক্ষিত খতিয়ান নির্বাচন করতে হবে।

* খতিয়ানের বিস্তারিত তথ্য খুললে সেখানে জমির দাগ নম্বর, মালিকের নাম, জমির পরিমাণসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

অনলাইনে খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে ‘ঝুড়িতে রাখুন’ অপশনে ক্লিক করে অনলাইন কপি অথবা সার্টিফায়েড কপির আবেদন করা যায়। এরপর চেক আউট করে প্রয়োজনীয় পরিচয় ও যোগাযোগের তথ্য দিয়ে নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

অনলাইনে মৌজা নকশা বের করার নিয়ম
জমির অবস্থান, সীমানা, আশপাশের জমি এবং বিভিন্ন দাগের অবস্থান বুঝতে মৌজা নকশা গুরুত্বপূর্ণ। মৌজা নকশায় একটি নির্দিষ্ট এলাকার সব জমির দাগ নম্বর ও সীমানা চিহ্নিত থাকে।

বাংলাদেশের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনলাইন সেবা ব্যবহার করে মৌজা নকশা অনুসন্ধান এবং সংগ্রহের আবেদন করা যায়। মানচিত্রদেখুন

মৌজা নকশা বের করতে যা করবেন

* প্রথমে https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। মৌজা ম্যাপ বা নকশা সংগ্রহের অপশন নির্বাচন করুন।

* এরপর বিভাগ নির্বাচন করুন। বিভাগের অধীন জেলা, জেলার অধীন উপজেলা বা থানা নির্বাচন করতে হবে।

* এবার ‘সার্ভে টাইপ’ বা জরিপের ধরন নির্বাচন করুন। এখানে সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস, দিয়ারা, পেটি ইত্যাদি জরিপের নকশা পাওয়া যেতে পারে।

* জরিপের ধরন নির্বাচন করলে সংশ্লিষ্ট উপজেলার যেসব মৌজার নকশা চূড়ান্ত হয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে। সেখান থেকে নিজের জমির মৌজা নির্বাচন করুন।

* মৌজা নির্বাচন করার পর মৌজার নাম ও জেএল নম্বরের পাশাপাশি নকশার সিট নম্বরের তথ্য পাওয়া যাবে।

* নির্দিষ্ট মৌজার নকশা খুঁজতে প্রয়োজনীয় সিট নম্বর দিয়ে অনুসন্ধান করুন। অনুসন্ধানে নকশা পাওয়া গেলে সেটির বিস্তারিত তথ্য দেখা যাবে। সেখানে বিভাগ, জেলা, উপজেলা, জরিপের ধরন, মৌজার নাম, জেএল নম্বর ও শিট নম্বর উল্লেখ থাকবে।

* পছন্দের নকশা পাওয়া গেলে ‘চেকআউট’ অপশনে ক্লিক করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭ মানচিত্রদেখুন

* নকশা সংগ্রহের ক্ষেত্রে ডেলিভারি মাধ্যম হিসেবে অফিস কাউন্টার অথবা ডাকযোগে নেওয়ার সুযোগ থাকলে পছন্দমতো একটি নির্বাচন করতে হবে। ডাকযোগে নিতে চাইলে ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এভাবে অনলাইনে আবেদন করে নির্ধারিত প্রক্রিয়ায় মৌজা নকশা সংগ্রহ করা যায়।

দাগ নম্বর ও মৌজা নকশা একসঙ্গে দেখবেন যেভাবে

জমির দাগ নম্বর এবং মৌজা নকশা একসঙ্গে মিলিয়ে দেখতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আরেকটি সরকারি ওয়েবসাইট রয়েছে।

এ জন্য প্রবেশ করুন https://settlement.gov.bd/Map/MapSearch ঠিকানায়।

এখানে পর্যায়ক্রমে বিভাগ, জেলা, জরিপের ধরন, উপজেলা বা থানা, মৌজা, শিট নম্বর এবং দাগ নম্বর নির্বাচন করার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে নির্দিষ্ট দাগের তথ্য অনুসন্ধান করা যায়।

এখানে প্লট বা দাগ নম্বরের পাশাপাশি জরিপের ধরন, মৌজার নাম, জমির পরিমাণ এবং সংশ্লিষ্ট খতিয়ানের নম্বর ও মালিকের নামের তথ্যও দেখা যেতে পারে।

তবে এই পোর্টালে প্রদর্শিত সব তথ্য সব এলাকার জন্য সমানভাবে পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কোন এলাকায় কোন জরিপের তথ্য ডিজিটাল করা হয়েছে, তার ওপর সেবার প্রাপ্যতা নির্ভর করে।

অনলাইনে তথ্য না পেলে কী করবেন?

অনেক সময় পুরোনো জরিপের নকশা, খতিয়ান কিংবা দাগ নম্বর অনলাইনে পাওয়া যায় না। আবার কোনো কোনো এলাকার জরিপের কাজ চলমান থাকায় চূড়ান্ত নকশা প্রকাশিত হয়নি। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের রেকর্ড রুম অথবা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে।

জমির তথ্য যাচাইয়ে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

অনলাইনে দাগ নম্বর ও মৌজা নকশা পাওয়া গেলেই জমির মালিকানা নিশ্চিত হয়ে যায় না। জমি কেনাবেচা কিংবা মালিকানা যাচাইয়ের আগে কয়েকটি বিষয় মিলিয়ে দেখা জরুরি।

* দলিলের দাগ নম্বরের সঙ্গে খতিয়ানের দাগ নম্বর মিলিয়ে নিন।

* সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের দাগ নম্বর আলাদা হতে পারে। তাই জরিপের ধরন নিশ্চিত করুন।

* মৌজা ও জেএল নম্বর সঠিক কি না যাচাই করুন।

* খতিয়ানে জমির পরিমাণ এবং দলিলে উল্লেখ করা জমির পরিমাণ মিলিয়ে দেখুন।

* সর্বশেষ নামজারি খতিয়ান ও ভূমি উন্নয়ন করের তথ্য যাচাই করুন।

* মৌজা নকশায় জমির অবস্থান ও সীমানা বাস্তবে মিলিয়ে নিন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, জমি কেনার আগে অনলাইনে পাওয়া তথ্যের পাশাপাশি মূল দলিল, খতিয়ান ও সরকারি রেকর্ড যাচাই করা উচিত। প্রয়োজনে ভূমি জরিপকারীর সহায়তায় সরেজমিনে জমির সীমানা নির্ধারণ করতে হবে। কারণ অনলাইন নকশা বা খতিয়ানের তথ্য একা জমির চূড়ান্ত মালিকানার প্রমাণ নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।