শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪৯:২৩

‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ওই গোপন বৈঠকটি হয়, পুলিশ প্রশাসনে তোলপাড়

‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ওই গোপন বৈঠকটি হয়, পুলিশ প্রশাসনে তোলপাড়

এমটিনিউজ ডেস্ক : রঞ্জিত সরকার। সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক তিনি। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের এই নেতা সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে দেশে প্রবেশ করেন। রাতারগুলে গোপন বৈঠক করে ফের সীমান্ত পেরিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে। 

পুলিশ জানায়, রঞ্জিত সরকার ঠিক কোন রুট ব্যবহার করে দেশে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কারা তাকে আশ্রয় দিয়েছিল এবং গোপন বৈঠকে কারা ছিল-তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সিলেটের রাতারগুলের ‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ওই গোপন বৈঠকটি হয়। সেখানে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে প্রায় ৬০ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো নেটওয়ার্ক বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চক্রান্ত দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, রঞ্জিত সরকার রাতারগুলের কাছের লামাপুঞ্জি সীমান্ত পথ দিয়ে অত্যন্ত সুকৌশলে দেশে ঢোকেন। গত সোমবার সন্ধ্যায় তিনি ওই সীমান্ত দিয়ে সরাসরি পূর্বনির্ধারিত গোপন আস্তানায় যান। সভা শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই রুটে তিনি ভারতে পালিয়ে যান। 

তদন্তসংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর বা পিকনিকের কথা বলে প্রায় দেড়শ লোককে রাতারগুলে আনা হয়। চারটি বাসে করে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাতে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সে সময় রঞ্জিত সরকারসহ কয়েকজন একটি গাড়িতে করে মাঠে প্রবেশ করেন। শিক্ষা সফরের ব্যানার সরিয়ে দ্রুত রাজনৈতিক ব্যানার টানানো হয়। সেখানে তিনি মাত্র ৫ মিনিটের একটি সংক্ষিপ্ত সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত সটকে পড়েন।

গ্রেফতাররা জানান, ভারতের মেঘালয়ে থাকা অনুসারী ও আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সহায়তায় তিনি এই ঝটিকা সফর করেন। গত ৯ নভেম্বর বিকাল ৪টা ৪৯ মিনিটে রঞ্জিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গোপন ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ওসির নেতৃত্বে ‘সোহেল স্কয়ার রিসোর্ট’-এ ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে রিসোর্টটির কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই রিসোর্টটি শনাক্ত হয়। চিহ্নিত করা হয় সমাবেশে থাকা অন্যান্য নেতাকর্মীদেরও। তবে চিহ্নিত অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।