শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৫:৫৪

কবে হবে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর, যা জানা গেল

কবে হবে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর, যা জানা গেল

এমটিনিউজ ডেস্ক : পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ তিনটি উপলক্ষ। রমজানের এক মাসের সিয়াম সাধনা, শেষ দশকের মহিমান্বিত শবে কদর এবং মাস শেষে ঈদুল ফিতর উদ্‌যাপনের মধ্য দিয়ে কাটে মুসলমানদের বিশেষ এই সময়।

২০২৭ সালের এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির দিন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। ৫ মার্চ দিবাগত রাতে পালিত হতে পারে শবে কদর। আর ৯ মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় রোজার প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট।
আর ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।

১৪৪৮ হিজরির রমজান মাস উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের সময়সূচিতেও একই সময় উল্লেখ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতার করবেন।

এদিকে, ২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদযাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ রয়েছে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশে রমজান শুরু এবং ঈদ উদযাপনের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী উৎসব ও ধর্মীয় দিবসগুলোর তারিখে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া রমজানের প্রথম দিনে ইফতারের সময়ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা ভিন্ন হবে। তাই ঢাকার জন্য নির্ধারিত সময় দেশের সব অঞ্চলের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।-গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।