শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬:০৪

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি। এরমধ্যেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তার ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়িয়েছে। 

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে কখনো কিছুটা প্রকাশ্যে আবার কিছুটা গোপনে নানা ধরনের কর্মসূচি পালন করছে। প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় দলটির একাংশের গোপন সাংগঠনিক যোগাযোগ, অনলাইন প্রচার, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এমনকি যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মতে, দলটির নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে একদিকে আতঙ্ক তৈরি করছে, অপরদিকে প্রকাশ্য রাজনীতিতে ফেরার পথ আরও সংকুচিত হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এসব ঘটনা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা। কারণ বিএনপির নেতৃত্বাত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র দশ মাস। এর মধ্যে সরকারের বড় ধরনের কোনো ভুল চোখে পড়েনি। যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করা হয়, সেই গুম-খুন ও গণহত্যার সঙ্গে বর্তমান সরকার জড়িত বলে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আর হাসিনা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতো হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও শোনা যায়নি। পরপর তিনটি পাতানো নির্বাচন করার অভিযোগও এই সরকারের বিরুদ্ধে নেই। তাছাড়া জুলাই হত্যার নৃশংসতা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। 

দলটির পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান তৎপরতার মিল খুঁজে পান রাজনীতিকরা। অতীতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় শক্তি প্রয়োগ, বিরোধী মতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা এবং দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পরিবর্তনের কোনো সুস্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে দৃশ্যমান নয়। বরং আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ ও সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না। রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।-যুগান্তর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।