এমটিনিউজ ডেস্ক : পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১ উপজেলায় এক হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলায় এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে সেটি নিয়ে আগ্রহের শেষ নেই ভোটারদের। তবে সেই তথ্য আগামী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
এ সময় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তিন ধাপে ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনায় স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না এ নির্বাচন কমিশনার। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে ইসি জানিয়েছিল, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে, ১৩ মে চতুর্থ ধাপে এবং ২৭ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউপি নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা করা হচ্ছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।