মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ০৩:১৩:৫৯

বড় সুখবর মাদ্রাসা শিক্ষকদের জন্য

বড় সুখবর মাদ্রাসা শিক্ষকদের জন্য

এমটিনিউজ ডেস্ক : জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

১১ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে। তবে ওই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা। ফলে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।

বর্তমানে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল বাস্তবায়ন হলে বর্ধিত বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অধিদপ্তরের চিঠিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ি প্রধান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড স্কেল এবং বকেয়া পাওনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এসব কার্যক্রমের কারণে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

এ অবস্থায় জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রম ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।