এমটিনিউজ ডেস্ক : শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে বেশির ভাগ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে বাজারে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া। তা ছাড়া মাছের দামেও কোনো পরিবর্তন দেখা যায়নি।
মানভেদে নতুন পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সামগ্রিকভাবে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও নতুন মৌসুমের এই দুই পণ্য কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার, বাড্ডা, জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে। বর্তমানে শিম মানভেদে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভালো মানের শিম ১০০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।
পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন জাতভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি।
এ ছাড়া পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৩৫ থেকে ৪০ টাকা পিস।
তবে নতুন মৌসুমের টমেটো ও আলুর বাজার চড়া থাকলেও পুরনো আলু ২৫ থেকে ৩০ টাকা এবং কাঁচা টমেটো মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৪০ থেকে ৫০ টাকা।
জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. জুয়েল বলেন, ‘বর্তমানে বাজারে শীতের সবজির সরবরাহ বৃদ্ধিতে বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে বাজারে আমদানীকৃত পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশি নতুন পাকা টমেটোর দাম কমছে না। টমেটো ও নতুন আলুর সরবরাহ আরো বাড়লে এসবের দামও কমে আসবে।’
বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিম ও মুরগির দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা।
তবে মাছের বাজারে এখনো দামের উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফলে ডিম, পেঁয়াজ ও সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে।