এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কার্যক্রম ঘিরে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, সড়ক অবরোধ, আগুন-ভাঙচুরের মতো সহিংসতা। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে; বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িসহ থানায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। গোপালগঞ্জের এ উত্তাপ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানেও। আর এসব সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠের নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে।
গত ১৯ নভেম্বর লকডাউনের দিনে গোপালগঞ্জসহ দেশের ১৮ জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এদিন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীসহ বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়। লকডাউন কার্যক্রমের আগের দিন ১৮ নভেম্বর সহিংসতা হয় ২২ জেলায়। তবে লকডাউনের পরের দিনে গতকাল শুক্রবার কম জেলায় সহিংস ঘটনা ঘটেছে। সহিংসতার মাত্রাও ছিল তুলনামূলক কম। তবে সহিংসতার তুলনায় এদিন সারা দেশে গ্রেপ্তারের ঘটনা বেশি ছিল।
কয়েক দিনের অস্থিরতার পর গতকাল সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিন জেলায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এদিকে কয়েকদিনের হামলা-অগ্নিসংযোগের পর গতকাল গোপালগঞ্জ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে যান চলাচল শুরু: মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় আতঙ্কে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার যানবাহন কার্যত প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি এসেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।
পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলে রাখা গাছ সরিয়ে ফেলা হয়।
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা: গোপালগঞ্জে গতকাল সহিংসতার ঘটনা না ঘটলেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গত দুদিনে নামফলক ভাঙচুর, নামসংবলিত ব্যানার টানানো, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এমন পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। তাই নিরাপত্তাহীনতার আশঙ্কায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন।
এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা না ঘটলেও দেশের কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ৯ জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে।