শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৪১:৩০

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে এক শর্ত দিল জামায়াত

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে এক শর্ত দিল জামায়াত

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশ থেকে ‘এক শর্তে’ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তাহলেই দলটি লড়াইয়ে নামবে।  

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখব। 

সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তাদের পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রিসভায় রাখা যায় কিনা- প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।  

তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গ্রেফতারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, আমরা এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমরা চাই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাশ করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাশ করা।  

এক দলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে হাজার-হাজার মানুষকে হত্যা করে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ভারত থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে তিনি যেখানে ৭ বছর ছিলেন তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।  

মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল তখন তিনি পালিয়ে গেছে, আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে এটি কেবলই দিবাস্বপ্ন। 

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টির জন্য বিএনপি সরকারকে গণভোটের গণরায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়েছিল কিন্তু কোনো এমপি-মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়নি, কোনো এমপি-মন্ত্রীর বাড়িতে কেউ আগুন দিতে সাহস পায়নি। কিন্তু বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীকেও রক্ষা করতে পারছে না। 

জনগণকে কীভাবে রক্ষা করবেন সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে বাঁচতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল আওয়ামী নামক এই কাল সাপ বিএনপিকে শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে, কিন্তু আওয়ামী লীগ নামক কাল সাপ বিএনপিকে গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে ছোবল মারতে শুরু করেছে। 

তিনি আরও বলেন, জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ করে তোলা হবে।  

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে লিয়াজো করেছিল যার কারণে আজকে বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। 

আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ দিন আসতে পারে।   

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে কিন্তু বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের টার্গেট হচ্ছে নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা এবং সরকারকে ব্যর্থ করা। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে। এবং আওয়ামী সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করতে রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকার তলে-তলে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।    

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।