শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮:৩৬

শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জনের কথাও উল্লেখ করেন রাশেদ খাঁন

শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জনের কথাও উল্লেখ করেন রাশেদ খাঁন

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ক্যানসারে আক্রান্ত দলের সঙ্গে তুলনা করে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নামের দলকে কোনো কেমোথেরাপি দিয়ে আর বাঁচানো যাবে না। এই ডিসেম্বরেই দলটির চিরবিদায় হতে পারে।

শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের পলাতক নেতা শামীম ওসমানের বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সামনে এসেছে। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত। এ কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন।’

রাশেদ খাঁন তার পোস্টে প্রশ্ন তোলেন, ‘তাহলে কি শেখ হাসিনাও ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে? অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জনের কথাও উল্লেখ করেন তিনি।’

পোস্টে তিনি আরও লেখেন, ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্য পলাতক নেতারাও হয়তো দাবি করবেন, শেখ হাসিনা তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁনের মতে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে না ফিরলেও ভবিষ্যতে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক আলোচনা জিইয়ে রাখা হতে পারে। তবে শেখ হাসিনা দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে রাশেদ খাঁন বলেন, সত্যিই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ডিসেম্বরেই আওয়ামী লীগ নামের দলটির চিরবিদায় ঘটতে পারে। কোনো কেমোথেরাপি দিয়েই দলটিকে এই সংকট থেকে রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।