রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯:৪৩

ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা

ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা

এমটিনিউজ ডেস্ক : খাগড়াছড়িতে নিজের পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে প্রমাণসহ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ ঘটনায় হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে সাদিক কায়েম এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। এ ঘটনার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।

সাদিক কায়েম বলেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও হামলার ঘটনা অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতা আড়াল করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।

নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকেরাই পালায়, দেশপ্রেমিকেরা নয়। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরো দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন দ্বিগুণ শক্তিতে চলবে।’

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।