সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪১:৫০

‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’

‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’

এমটিনিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশকে কেন্দ্র করে বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ পরিস্থিতিতে সীমান্তে সতর্ক পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারাও। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’

রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা গেছে। অতিরিক্ত বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনকেও সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে এক বিজিবি সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’

এ দিকে সীমান্তে কোনও ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।