এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে নতুন করে অর্থ বিভাগে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ জন্য ইতোমধ্যে ফাইল তোলা হয়েছে। ফাইল অনুমোদন হলে তা অর্থ বিভাগে পাঠানো হবে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্কুল-কলেজের শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন।
এর মধ্যে স্কুলের জন্য ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা এবং কলেজের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা প্রয়োজন। অতিরিক্ত এ অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানাতে হবে।
সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো হিসাব বিবরণী চিঠি আকারে পাঠানোর জন্য গত বৃহস্পতিবারই ফাইল তোলা হয়েছে। তবে সোমবার বিকাল ৪টা পর্যন্ত ফাইলটি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠানোর সম্ভাবনা নেই।
জানা গেছে, এর আগে মাউশি থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাবে বড় ধরনের ভুল ছিল। প্রকৃতপক্ষে নবম পে-স্কেলে স্কুল-কলেজের শিক্ষকদের বেতন দিতে ৬ হাজার ৮৯৫ কোটি টাকা প্রয়োজন।
সূত্র জানায়, সম্প্রতি হিসাবের ভুলের বিষয়টি অর্থ বিভাগ থেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে চিঠি দিয়ে পুনরায় হিসাব পাঠানোর নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে হিসাব পাঠায় মাউশি।