মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ০৩:৫৮:৪৪

তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা?

তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা?

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরিবর্তে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন-সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনায় ওঠে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়ে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় আলোচনা হয়েছিল। সে অনুযায়ী একটি খসড়া পরিপত্রও প্রস্তুত করেছে এনটিআরসিএ।

তবে মঙ্গলবারের সভায় পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন পরিকল্পনায় প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে আরেকটি সভা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কয়েকটি বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিধিমালার খসড়া চূড়ান্ত করতে ফের সভা ডাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।