এমটিনিউজ ডেস্ক : বৈশ্বিক সংকটের মধ্যেও অবশেষে দীর্ঘপ্রতিক্ষিত স্বপ্নযাত্রার দুয়ার খুলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অভাবনীয় কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজারে আশার আলো দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে একটি বিশেষ ফ্লাইট যোগে ১১২ জন দক্ষ কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দেবেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা খরচে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহিদ ও আহত পরিবারের ১ হাজার জনকে মালয়েশিয়া পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে এই ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে আমরা সক্ষম হব। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহিদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় ১ হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ১০ হাজারের বাইরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে, সেটা মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে।
এর আগে লটারির মাধ্যমে এসব কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু দুই দিনের সাক্ষাত্কারে নির্বাচিত ঐ ৩০০ জনের মধ্যে কিছু সংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরো ৫০ জন কর্মীকে সাক্ষাত্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল, কিন্তু ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগেও ২০০৮-২০১২, ২০১৯-২০২২ এবং ২০১৬-২০১৮ সালেও একই সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাজার বারবার বন্ধ হয়েছিল।