বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়েছে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেমের দাবি নিয়ে আসা ফোনটির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটির আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে অপোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ক্যামেরা প্রযুক্তি। এতে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এগুলো হলো মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। সুইডিশ ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যামেরা ব্যবস্থা দূরের দৃশ্য থেকে শুরু করে বিস্তৃত ল্যান্ডস্কেপ—সব ধরনের ছবি তোলার ক্ষেত্রে বিস্তারিত দৃশ্য ধারণে সক্ষম বলে জানিয়েছে অপো।
প্রতিষ্ঠানটির দাবি, শুধু ছবির রেজ্যুলুশন বাড়ানো নয়, বরং বাস্তবের রং, আলো ও পরিবেশের স্বাভাবিকতা ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য এতে যুক্ত করা হয়েছে নতুন প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিন এবং অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং প্রযুক্তি।
স্মার্টফোনটিতে রয়েছে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তির ট্রু কালার ক্যামেরা। এর মাধ্যমে বিভিন্ন ধরনের আলোর পরিবেশে রঙের পার্থক্য শনাক্ত করে হোয়াইট ব্যালেন্স আরও নিখুঁতভাবে সমন্বয় করা সম্ভব। পাশাপাশি ১৫ ইভি পর্যন্ত ডায়নামিক রেঞ্জ উজ্জ্বল ও অন্ধকার অংশের বিস্তারিত তথ্য ধরে রাখতে সহায়তা করবে।
ভিডিও নির্মাতাদের জন্যও বেশ কিছু সুবিধা রাখা হয়েছে ফোনটিতে। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং সর্বোচ্চ ১২০ ফ্রেমে ৪কে ভিডিও ধারণ করা যাবে। রয়েছে ৪কে ডলবি ভিশন ও ওপেন গেট ক্যাপচার সুবিধা। ফলে ভিডিও ধারণ ও সম্পাদনার ক্ষেত্রে কনটেন্ট নির্মাতারা বাড়তি স্বাধীনতা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্যামেরার পাশাপাশি পারফরম্যান্সেও উচ্চক্ষমতার প্রযুক্তি যুক্ত করেছে অপো। ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। এর সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ডিসপ্লে হিসেবে থাকছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেল।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে ফোনটিতে দেওয়া হয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ধারণক্ষমতার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে ৮০ ওয়াট সুপারভুক তারযুক্ত এবং ৫০ ওয়াট এয়ারভুক তারবিহীন চার্জিং প্রযুক্তি।
অনুষ্ঠানে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের বাইরেও ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
তিনি আরও জানান, বাংলাদেশের বাজারে ভবিষ্যতে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য আনার পরিকল্পনা করছে অপো।
ফোনটি লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে— এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের একক ভ্যারিয়েন্টটির দাম ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ফোনটি পাওয়া যাচ্ছে।