বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:০৬:১৬

জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানালো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানালো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

এমটিনিউজ ডেস্ক : সাবেক সেনা কর্মকর্তা ও মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করে সাইনবোর্ড টানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানানো হয়।

এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। এ সময় সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, 'জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।'

খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।