শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৩:০৪

অনেক শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান, আমি তালিকা করছি: শিক্ষামন্ত্রী

অনেক শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান, আমি তালিকা করছি: শিক্ষামন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না। দেশে আর নকলও চলবে না। যেসব শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না। অনেক শিক্ষক রয়েছেন ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না। মন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। সারা দেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আরো অনেকে। বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলে জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেত। সেই দিন আর নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।