এমটিনিউজ ডেস্ক : ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে মারধর করে জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচার করানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে তাকে জেলা হাসপাতালে নেওয়া হয়।
আহত ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।
সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে তাকে নামানো হয়। এর আগে বিকেল ৫টার দিকে ঢাকার নদ্দা থেকে রাজাপুরের উদ্দেশে বাসে ওঠেন তিনি।
তিনি আরো জানান, বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারো সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর বাস থামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাকে নামিয়ে নিয়ে যান।
প্রায় ২০ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে উল্লেখ করে তিনি জানান, একপর্যায়ে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় তাকে। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়। পরে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে শহরের সি অফিস চত্বর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ।
কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’