শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৩:০৮

‘মা, তোমার সঙ্গে শেষ কথাটুকুও বলতে পারলাম না’

‘মা, তোমার সঙ্গে শেষ কথাটুকুও বলতে পারলাম না’

এমটিনিউজ ডেস্ক : ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমিই আমার মৃত্যুর জন্য দায়ী। মা, তোমার সঙ্গে শেষ কথাটুকু আর বলতে পারলাম না।’ মাকে উদ্দেশ্য করে এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন খোরশেদ হাওলাদার (২৫) নামের এক ব্যবসায়ী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খোরশেদ ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় গত ১৫ দিন ধরে তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে খোরশেদ বাড়িতে একাই থাকতেন। প্রতিদিন ভোরে বাড়ির বাইরে নাশতা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদার জানান, ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকতেন। স্ত্রীর অসুস্থতার কারণে গত ১৫ দিন ধরে তিনি বাড়িতে একাই ছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, তিনি প্রতিদিনের মতো দোকানে চলে গেছেন। তাই সেদিন তার খোঁজ নেয়া হয়নি। পরে বিকেলে বন্ধুরা বাড়িতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। শুক্রবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার করা চিরকুট যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।